Image description

নিজের ব্যক্তিগত জীবন, চলমান আইনি লড়াই এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আবার আলোচনায় এলেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি অতীতের গ্রেপ্তার, আদালত পর্ব ও পুনরায় বিয়ের সম্ভাবনা নিয়ে মনের কথা প্রকাশ করেছেন।

 

অতীতের গ্রেপ্তারের মুহূর্তটি স্মরণ করে পরীমনি দাবি করেন, বাসা থেকে তাকে নিয়ে যাওয়ার সময় সংশ্লিষ্টদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট বা আইনি গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।

 

তিনি বলেন, ‘কী কারণে আমাকে আটক করা হচ্ছে, তা নিয়ে তারা নিজেরাই দ্বিধায় ছিলেন এবং সাংবাদিকদের কী জবাব দেবেন সে বিষয়ে দফায় দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা নিচ্ছিলেন।’

 

 

নিজের বিরুদ্ধে থাকা চলমান মামলাগুলোকে সম্পূর্ণ ‘মিথ্যা’ আখ্যা দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি কখনো কাউকে ব্ল্যাকমেইল বা হয়রানি করিনি। দীর্ঘ সময় পর হলেও সত্য আজ উন্মোচিত হতে শুরু করেছে। মনে হচ্ছে, এতদিন ধরে বয়ে বেড়ানো এক বিশাল বোঝা নেমে গেল।’

 

দেশের বিচারব্যবস্থার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ন্যায়বিচারের জন্য প্রয়োজন হলে বছরের পর বছর আদালতে হাজিরা দিতেও তিনি প্রস্তুত।

 

সংবাদ সম্মেলনে পরীমনির ব্যক্তিগত জীবন ও পুনরায় বিয়ের সম্ভাবনা নিয়েও প্রশ্ন ওঠে। প্রশ্নের জবাবে মুচকি হেসে পরী জানান, বিয়ের কোনো পরিকল্পনা তার নেই; বরং একক জীবনই তার ভালো কাটছে। ভক্তরাও তাকে নতুন কোনো সম্পর্কের চেয়ে সন্তানদের সঙ্গেই দেখতে বেশি পছন্দ করেন বলে মন্তব্য করেন তিনি।