Image description

অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও নিজেকে ভালোবাসার বার্তা দিলেন সামাজিক মাধ্যমে। নিজের একটি ছবি প্রকাশ করে দীর্ঘ এক পোস্টে জীবনের নানা সংগ্রাম, অনিশ্চয়তা ও নিজেকে গ্রহণ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

বাঁধন বলছেন, ‘জীবন কখনোই আমার জন্য সহজ ছিল না। কিন্তু একটা জিনিস আমি কখনো জীবনকে আমার কাছ থেকে কেড়ে নিতে দিইনি—সেটা হলো সামনে এগিয়ে যাওয়ার সাহস। আমি হার না মানার সিদ্ধান্ত নিয়েছি, আর কখনোই মানব না।’

তিনি জানান, দীর্ঘদিন ত্বকের অসম রং ও ফ্রেকলসের কারণে নিজের প্রকৃত মুখ দেখাতে সংকোচ বোধ করতেন। তাই ফিল্টার, ক্যামেরার অ্যাঙ্গেল ও দ্বিধার আড়ালে নিজেকে লুকিয়ে রাখতেন। তবে এখন আর নিজেকে লুকিয়ে রাখতে চান না।

সাবেক এই লাক্স তারকার ভাষ্য,‘জীবনের প্রতিটি দাগ, ফ্রেকল ও ক্ষতচিহ্ন তার বেঁচে থাকা, লড়াই করা এবং প্রতিনিয়ত নিজেকে গড়ে তোলার সাক্ষী। সুন্দর হতে নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, বরং নিজের প্রকৃত সত্তাকে সাহসের সঙ্গে গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

নিজেকে ভালোবাসা প্রসঙ্গে এই অভিনেত্রী বলছেন, এটি একদিনে অর্জিত কোনো অনুভূতি নয়; বরং প্রতিদিন নিজের সেই অংশগুলোকেও গ্রহণ করার নাম, যেগুলো একসময় লুকিয়ে রাখতে চেয়েছিলেন।

নিজেকে ভালোবাসার প্রতি মনোযোগী এই অভিনেত্রীর চিন্তাধারা এমনই, ‘নিজেকে ভালোবাসা মানে একদিন ঘুম থেকে উঠে নিজের সবকিছু হঠাৎ ভালোবেসে ফেলা নয়। বরং প্রতিদিন সচেতনভাবে সেই অংশগুলোকেও আপন করে নেওয়া, যেগুলো একসময় মরিয়া হয়ে লুকিয়ে রাখতে চেয়েছিলাম।’

বাঁধন বললেন, ‘জীবন সবার ওপরই কিছু না কিছু দাগ রেখে যায়। কিছু দাগ দৃশ্যমান, কিছু অদৃশ্য। কিন্তু কোনো দাগই মানুষের মূল্য বা সৌন্দর্য কমিয়ে দিতে পারে না। জীবনের সব অপূর্ণতা ও প্রতিকূলতার মাঝেও আবার নতুন করে ফুটে ওঠার শক্তিই সবচেয়ে বড় সৌন্দর্য।’

আজমেরী হক বাঁধন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত একজন অভিনেত্রী। তিনি রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন। এছাড়া খুফিয়া ও গুটি-এ তার অভিনয়ও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।