Image description

অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। এবার তিন বছর পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। এ উপলক্ষে বর্তমানে কলকাতায় জয়া। অংশ নিচ্ছেন প্রচার-প্রচারণায়। আবার ১ জুলাই এই অভিনেত্রীর জন্মদিন।

 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এক সাক্ষাৎকারে সিনেমা, ফুটবল বিশ্বকাপ, জন্মদিন, টলিউডসহ নানা বিষয়ে কথা বলেছেন জয়া আহসান।

বিজ্ঞাপন

নিজের জন্মদিন নিয়ে জয়া বলেন, ‘জন্মদিন থাকলেও খুব উদযাপন করার মানুষ আমি নই। বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীরা খুব ভালোবেসে মনে করে। ভালো লাগে। সেই দিনটায় নিজেকে আরেকটু স্পেশাল ভাবতে ইচ্ছে করে। ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে যেমন আদর-উদযাপন হতো, মনে পড়ে। তবে এই সময়ে এসবে একটু লজ্জাও লাগে।’

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক কিংবা কার ফ্যান? এমন প্রশ্নে তিনি বলেন, ‘শেষবার রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ দেখেছিলাম। এবারে যাওয়া হলো না। পর্তুগালকে খুব ভালোবাসি, কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়! রোনালদোকে (ক্রিস্টিয়ানো) খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।’

সিনেমা প্রচারে পুরোনো ম্যাজিক কী কাজ করবে এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী) কোনোভাবে যদি দর্শকপ্রিয়তা পায় তাহলে ভালো লাগবে। তবে বলব, ম্যাজিক তো তৈরি করা যায় না, ম্যাজিক হয়ে ওঠে! ম্যাজিক আদৌ হয়েছে কিনা সেটার জন্য আমিও অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, নিজ দেশের গণ্ডি পেরিয়ে কলকাতা থেকে বলিউড—সবখানেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন জয়া আহসান। টলিউডে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত অর্ধাঙ্গিনী। মুক্তির পর পর্দায় অভিনেত্রীর ‘মেঘনা’ চরিত্রটি সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল। এবার ভক্তরা ফের এ সিনেমার সিক্যুয়েলে কৌশিক, জয়া ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন। সব ঠিক থাকলে, আগামী ৩ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজও অর্ধাঙ্গিনী।