রাজধানীর কাফরুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি–র বাসায়। ফ্ল্যাটের গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র।
এ ঘটনা ঘটে গত মঙ্গলবার কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে অবস্থিত নায়িকার নিজস্ব ফ্ল্যাটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক। তিনি জানিয়েছেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ববির মা বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। ফলে বাসায় একাই থাকতেন এই অভিনেত্রী।
গত ২৫ মে নতুন একটি প্রকল্পের শুটিংয়ে অংশ নিতে বাসা থেকে বের হন ববি। পরে মঙ্গলবার রাতে গৃহপরিচারিকার ফোনে তিনি চুরির খবর জানতে পারেন।
খবর পেয়ে দ্রুত বাসায় ফিরে এসে তিনি দেখেন, শোবার ঘরের তিনটি আলমারির মধ্যে একটি খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তদন্তে জানা যায়, জানালা ও বারান্দার দুটি গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করেছিল।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৫ জোড়া স্বর্ণের চুড়ি, ৭ জোড়া কানের দুল, ৩টি নেকলেস, ৮টি লকেট, ১২টি স্বর্ণের চেইন, ৭টি ডায়মন্ডের নাকফুল, বিভিন্ন ব্র্যান্ডের ৫টি দামী হাতঘড়ি এবং নগদ ৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার সম্পদ খোয়া গেছে বলে জানা গেছে।
ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ববি। তার ভাষ্য, মা দেশের বাইরে এবং বোনেরা বিদেশে থাকায় শুটিংয়ের কাজে বাসা ফাঁকা রেখেছিলেন। সেই সুযোগেই চোরচক্র চুরি করেছে।
চুরির ঘটনা জানার পরপরই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেন। পুলিশ দ্রুত চোরদের শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।