Image description

প্রায় তিন দশক ধরে বলিউডে কাজ করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবু তাঁর বিশ্বাস, একজন শিল্পীর শেখার যাত্রা কখনো শেষ হয় না। এবারের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তিনি। বিশেষ করে বর্তমান সময়ে বিনোদনজগতের অনেক কিছু যে কৃত্রিমভাবে তৈরি বা ‘ম্যানুফ্যাকচারড’, সে বিষয়েও সতর্ক করেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম ব্রুট ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, একজন শিল্পীর কাছে প্রতিটি দিনই নতুন দিন। সৃজনশীলতার মাধ্যমে নিজেকে আবিষ্কার করার প্রক্রিয়া চলতেই থাকে। তিনি বলেন, ‘দর্শকের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। প্রশংসার জন্য ধন্যবাদ। কিন্তু আমি সত্যিই মনে করি, শিল্পের জগতে কিংবা আপনি যে জগৎই বেছে নেন না কেন, আপনার যাত্রাটা একান্তই ব্যক্তিগত। আপনার অভিজ্ঞতাগুলোই আপনাকে সমৃদ্ধ করবে এবং বুঝতে সাহায্য করবে, আপনি কোন সিদ্ধান্ত নিতে পারেন। কারণ, সবার জন্য সবকিছু এক রকম কাজ করে না। তাই আপনার জন্য কী কাজ করবে, কোনটা ঠিক বা ভুল—তা আপনি আগে থেকে জানবেন না।’

এরপরই নতুন শিল্পীদের উদ্দেশে নিজের পরামর্শ দেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে চাই, নিজের আবেগ খুঁজে বের করুন এবং নিজের সিদ্ধান্তের প্রতি সৎ থাকুন। আপনাকেই নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে। কারণ, শেষ পর্যন্ত নিজের পাশে আপনাকেই দাঁড়াতে হবে। আপনার চারপাশে কী হচ্ছে, সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর বর্তমান পৃথিবীতে অনেক কিছুই কৃত্রিমভাবে তৈরি করা হয়।’

ঐশ্বরিয়ার মতে, এই অতিরিক্ত ‘ম্যানুফ্যাকচারড’ বাস্তবতায় শিল্পের আসল জাদু অনেক সময় হারিয়ে যায়। তাঁর ভাষায়, ‘এই যাত্রায় নিজেকে আবিষ্কার করার যে আনন্দ, যে জাদু, সেটা তখন আর থাকে না। আপনাকে সত্যিকারের জীবনের অভিজ্ঞতার মধ্যে থাকতে হবে, জীবনকে অনুভব করতে হবে, তারপর সেই অভিজ্ঞতাকে আপনার শিল্পে নিয়ে আসতে হবে। তাই আপনি যেমন, নিজের প্রতি সেভাবেই সত্য থাকুন। নিজের কাছে নির্মমভাবে সৎ থাকুন।’

অভিনেত্রী আরও বলেন, একজন শিল্পীর সব সময় শেখার জন্য মুখিয়ে থাকা উচিত। পুরো যাত্রাটা মন খুলে উপভোগ করতে পারলে জীবনের অন্য সবকিছু নিজে থেকেই ঠিক জায়গায় এসে যাবে।

এবার ছিল কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার ২৪তম বছর। ২০০৩ সাল থেকে একটি প্রসাধন প্রতিষ্ঠানের হয়ে ঐশ্বরিয়া রাই বচ্চন কান উৎসবের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি। এবারও কানের লালগালিচায় হাজির হন ঐশ্বরিয়া। এবারের উৎসবে প্রথমবারের মতো তাঁর মেয়ে আরাধ্য বচ্চনকেও মায়ের সঙ্গে লালগালিচায় দেখা গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে