Image description

চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলামের আইফোন চুরি হয়েছে। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে একজন এসে ফোনটি চুরি করেন বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে ফেসবুক পোস্টে এ কথা জানান তানহা তাসনিয়া।

কালের কণ্ঠের পাঠকদের জন্য ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো :

“আজ ১৫ মে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সাউন্ড কমপ্লেক্সে গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’-এর ডাবিংয়ে উপস্থিত ছিলাম।

সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে সেখানে অবস্থান করেন। পরে তিনি কৌশলে ডাবিং রুমে প্রবেশ করে আমার আইফোন ১৭ প্রো মেক্স (কমলা রঙের) মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যান।

পরে জানা যায়, তিনি ভুয়া পরিচয় দিয়েছিলেন।

আমি মোবাইল ফোনটি সাইলেন্ট অবস্থায় আছে কি না দেখতে গিয়ে বুঝতে পারি সেটি আর টেবিলে নেই।

ঘটনা বুঝতে পেরে আমরা এফডিসিতে বিভিন্ন জায়গায় লোকটিকে খুঁজতে থাকি। খুঁজে না পেয়ে পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করা হলে পুলিশ দ্রুত তদন্তে আসে।

জিডি নম্বর ১০৭৭।

কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এফডিসির প্রবেশ গেটসহ ভেতরের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। 

সংশ্লিষ্টদের ভাষ্যমতে, অনেকদিন ধরেই না কি সার্ভার অচল।

একটি কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এভাবে অকার্যকর থাকা সত্যিই উদ্‌বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।

চিত্রনায়িকা তানহা তাসনিয়া”