Image description

অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙনের গুঞ্জনকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বলিউড অভিনেতা বিজয় বর্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিজয় জানান, ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হওয়া সাধারণ আলোচনা খুব দ্রুতই নেতিবাচক ও ব্যক্তিগত আক্রমণে রূপ নেয়। অনেক মন্তব্য সীমা অতিক্রম করে যায়, যা তাকে প্রত্যাশার চেয়েও বেশি প্রভাবিত করে। খবর: মিড-ডে

তিনি বলেন, ‘অনেকেই ভুলে যান যে আমরা অভিনেতারাও মানুষ। আমাদেরও অনুভূতি আছে।’ তার মতে, তার কাজের বদলে ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা তাকে অস্বস্তিতে ফেলেছিল। তিনি আরও বলেন, সামাজিকমাধ্যমে অনেকেই না ভেবেই মন্তব্য করেন, যার প্রভাব অন্যের ওপর কেমন পড়ে, তা তারা বিবেচনা করেন না।

অভিনেতা বিজয় ভার্মা। ছবি: সংগৃহীত
অভিনেতা বিজয় ভার্মা। ছবি: সংগৃহীত

এ পরিস্থিতিতে তিনি কিছুদিনের জন্য সামাজিকমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। বিজয়ের মতে, নিয়মিত মন্তব্য পড়া তার মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক ছিল না। এই বিরতি তাকে মানসিক শান্তি দেয় এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিতে সাহায্য করে।

তিনি জানান, এ সময়টিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পান, যা তাকে আরও স্থির ও ভারসাম্যপূর্ণ করে তোলে। বাস্তব জীবনের সম্পর্ক যে ভার্চুয়াল যোগাযোগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটিও তিনি নতুন করে উপলব্ধি করেন।

ডিজিটাল যুগে যোগাযোগের পরিবর্তন নিয়েও কথা বলেন বিজয় বর্মা। তার মতে, সামাজিক মাধ্যম মানুষকে সংযুক্ত করলেও ব্যক্তিগত সীমারেখা অনেক সময় লঙ্ঘিত হয়। ফলে ভুল বোঝাবুঝি ও অপ্রয়োজনীয় নেতিবাচকতা তৈরি হয়।

সাক্ষাৎকারে তিনি মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘পরিস্থিতি কঠিন হলে কিছুটা দূরে সরে যাওয়া স্বাভাবিক। তার এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, পরিচিত মুখের আড়ালেও একজন বাস্তব মানুষ থাকেন, যিনি ব্যক্তিগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যান।’