নবিতা-সিজুকাকে অনাথ করে চিরবিদায় নিলেন ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা। তার মৃত্যুতে জাপানি অ্যানিমেশন জগতে এক বিরাট নক্ষত্রের পতন হলো। শোকস্তব্ধ হয়ে পড়েছে জাপানি বিনোদন ভুবন।
দীর্ঘদিনের ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন ৮৪ বছর বয়সী শিবায়ামা সুতোমু। গত ৬ মার্চ স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়। তবে সেই সময় তার মৃত্যুর ঘটনা গোপন রাখা হয়। ‘আজিয়া দো অ্যানিমেশন ওয়ার্কস’-এর পক্ষ থেকে ১৭ মার্চ প্রথিতযশা এই পরিচালকের মৃত্যুসংবাদ প্রকাশ করা হয়। আরও জানানো হয়, প্রয়াত পরিচালকের শেষ ইচ্ছানুযায়ী গোপনীয়তা বজায় রেখে শেষকৃত্য করা হয়েছে।
সুতোমু শিবায়ামার জন্ম ১৯১৪ সালে। ১৯৬৩ সালে একটি অ্যানিমেশন দিয়ে তার ক্যারিয়ার শুরু। পরে ‘দ্য গাস্টি ফ্রগ’, ‘টেনসাই বাকাবন’ সিরিজ বিপুল জনপ্রিয়তা পায়। ১৯৭৮ সালে নিজের ‘আজিয়া দো’ অ্যানিমেশনের কাজ শুরু করেন। শিবায়ামা সুতোমু ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত টিভি অ্যানিমি সিরিজ ‘ডোরেমন’-এর চিফ ডিরেক্টর ছিলেন। ‘নবিতা অ্যান্ড দ্য ক্যাসেল আন্ডারসি ডেভিল’, ‘ডোরেমন: নবিতা ইন দ্য ওয়ান ন্যান স্পেসটাইম ওডিসি’, ‘চিবি মারুকো’সহ বেশকিছু অ্যানিমি সিনেমা পরিচালনা করেন তিনি। ২০১২ সালে সুতোমাকে জাপানের এজেন্সি ফর কালচারাল অ্যাফেয়ার্সের তরফে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
তার এই মৃত্যুর খবর একটি প্রজন্মের কাছে বেদনার বার্তা। নীল বেড়াল ডোরেমনের সঙ্গে নবিতা আর সিজুকার সেই অসাধারণ মেলবন্ধন ঘটানো সুতোমুর জন্য ভালোবাসা।