Image description

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। বৃহস্পতিবারে (১৯ ফেব্রুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৩ পয়েন্ট।

 

আজ লেনদেনে অংশ নেওয়া ৮০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে এদিনে ৫৬০ কোটি টাকা ঘরে চলে এসেছে।

এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৫৩ দশমিক ২০ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৬৫ দশমিক ৯৩ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১০ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৯৫ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১২ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৯৭ দশমিক ৮৭ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেন হয়েছিল ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি ৯৯ লাখ টাকা। বুধবার মূলধন ছিল ৭ লাখ ১৩ হাজার ৭০৮ কোটি ৯ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৩১৩টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— স্কয়ার ফার্মার ১৯ কোটি ৪১ লাখ টাকা, অলিম্পিকের ১৪ কোটি এক লাখ টাকা, ঢাকা ব্যাংকের ১৩ কোটি ৮৯ লাখ টাকা, সায়হাম কর্টনের ১৩ কোটি ৭১ লাখ টাকা, প্রগতি লাইফের ১৩ কোটি ৪৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৪২ লাখ টাকা, রহিম ফুডের ১২ কোটি টাকা, মুন্নু ফেব্রিক্সের ১১ কোটি ৪৩ লাখ টাকা এবং সিটি ব্যাংকের ১১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিমা ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ছয় দশমিক শূন্য পাঁচ শতাংশ।