আগামী ২৭ জুনের মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করা না হলে ২৮ জুন গ্রাহকদের নিয়ে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল করবে সচেতন গ্রাহক ফোরাম৷ তাতেও যদি দাবি না মানা হয় তাহলে সারাদেশের সকল গ্রাহকদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ করবে সংগঠনটি৷ যেখান থেকে, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের সিদ্ধান্ত আসতে পারে৷
বুধবার (২৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নুর-উন-নবী মানিক এমন কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রতি গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে একটি স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকটির প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দিতে হবে। এ সময় ব্যাংক লুটেরাদের বিচার, পাচার হওয়া অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি উত্থাপন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
শীর্ষনিউজ