Image description

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক অর্থবাজারে। এরই ধারাবাহিকতায় বিশ্ববাজারে স্বর্ণের দাম একদিনে ২ শতাংশের বেশি কমে প্রায় চার মাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৩ মার্চ) স্পট গোল্ডের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৭২.৮৬ ডলারে দাঁড়িয়েছে। টানা নবম দিনের মতো দরপতন হয়েছে এই মূল্যবান ধাতুটির। গত সপ্তাহেই স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। এতে সুদের হার বাড়ার সম্ভাবনা জোরালো হয়েছে, যা সাধারণত স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দেয়।

এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, এমন কিছু ঘটলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

একই সময়ে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে অবস্থান করছে, যা মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতনের কারণে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন, যা দামের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এবং ভূরাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে স্বর্ণবাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য ধাতুর দামেও এর প্রভাব পড়েছে। স্পট রুপার দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে ১,৮৬৬ দশমিক ৬৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১,৩৯৭ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

আরটিএনএন