Image description

বরগুনার বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খানকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সদ্য বহিষ্কার হওয়া জেলা ছাত্রলীগ নেতা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টায় পৌরসভার বাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। 

টুটুলের ভাই জসিম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা হঠাৎ টুটুল খানের ওপর হামলা চালায়। হামলাকারীরা একটি হাতের বেশ কয়েকটি আঙুল বিচ্ছিন্ন ও দুই পা ক্ষত-বিক্ষত করে। তাকে চিকিৎসা দিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা রফিক। তিনি জানান, পারিবারিক কাজে বেশ কিছুদিন যাবত এলাকার বাহিরে আছেন। হামলায় কে বা কারা জড়িত কিছুই জানেন না তিনি।

বেতাগী থানার ওসি আনোয়ারা হোসেন বলেন, ঘটনা শুনে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকা সবাইকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।