প্রথমবারের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষক পাচ্ছেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, আমরা তিনটি ক্যাটাগরিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডের জন্য শিক্ষকদের মনোনীত করেছি। জেনারেল, স্পেশাল ও গবেষক এই তিন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন শিক্ষকরা। যেখানে দেখা হয়েছে ২০২১-২১ বর্ষে High Impact Factor Journal' গুলো। সেখান থেকে ১৭ জন শিক্ষককে মনোনীত করা হয়েছে।
তিনি আরও বলেন, মূলত বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণাধর্মী সংস্কৃতি তৈরি করতে উপাচার্য মহোদয় এমন উদ্যােগ নিয়েছেন। যেখানে যে শিক্ষকরা গবেষণা করছেন ও করতে আগ্রহী তারা যেন আরও উদ্বুদ্ধ হয় সেটাই আমাদের লক্ষ্য। এর আগে শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবার শিক্ষকরা পাচ্ছেন।
শিক্ষকদের হাতে সনদপত্র ও সম্মানী তুলে দেওয়ার আগে ক্লাব কাম গেস্ট হাউজ ও ডরমিটরি উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।