চার বছর ধরে চলছে যুদ্ধ। এই যুদ্ধে এলোমেলো হয়ে গেছে কোটি মানুষের জীবন। টেনিস তারকা মার্তা কস্টুকও তাদের একজন। ফ্রেঞ্চ ওপেনে মাঠে নামার আগেও তার বাড়ির সামনে ক্ষেপণাস্ত্র ফেলেছে রাশিয়া। সেই রাশিয়ার ওসাকা সেলেখেতেভাকে হারিয়েই ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন মার্তা।
কিয়েভে জন্ম নেওয়া মার্তা ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন রাশিয়ান ওসাকার। ইউক্রেন বনাম রাশিয়া এই লড়াই নিয়ে ছিল তাই বাড়তি আলোচনা।
শেষ পর্যন্ত এই ম্যাচে ৬-২, ৬-৩ সরাসরি সেটে ওসাকাকে হারান মার্তা। জয়ের পর কোর্টে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
নারীদের মধ্যে বিশ্বের ১৫ নম্বর খেলোয়াড় মার্তা ম্যাচ শেষে বলেন, ‘সকালে আমার বাবা-মায়ের বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র একটি ভবন ধ্বংস করেছে। আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ইউক্রেনের মানুষ। সকালে ঘুম থেকে উঠে দেখেছি, এত কিছুর পরও মানুষ তাদের জীবন চালিয়ে যাচ্ছে এবং যাদের সাহায্য প্রয়োজন তাদের পাশে দাঁড়াচ্ছে। আমি জানতাম অনেক ইউক্রেনীয় এসে আমাকে সমর্থন দেবেন। আমার বন্ধুরাও এসেছে, তাদের এখানে পেয়ে আমি খুবই আনন্দিত।‘
নিজের পারফরম্যান্স নিয়ে মার্তা জানান, ‘আমি নিজের জন্য ভীষণ গর্বিত। আমার মনে হয় এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি।‘
ম্যাচ শেষে রাশিয়ান প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেননি মার্তা।