Image description

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে অনুশীলন ঘাঁটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল দল। ভিসাজনিত জটিলতা ও যাতায়াত সুবিধার কথা বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বেজক্যাম্প স্থাপন করছে তারা। ইতোমধ্যে এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ফিফা।

 

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ জানিয়েছেন, দলের নতুন বেজক্যাম্প হবে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায়। প্রশান্ত মহাসাগরের কাছাকাছি অবস্থিত এই শহরটি যুক্তরাষ্ট্রের সীমানার একেবারে পাশে হলেও আনুষ্ঠানিকভাবে মেক্সিকোর অংশ। সেখানে ইতোমধ্যে দলের আবাসন প্রস্তুতের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তাজ বলেন, ভিসা পাওয়ার ক্ষেত্রে তৈরি হওয়া জটিলতার কারণেই তারা বেজক্যাম্প পরিবর্তনের আবেদন করেছিলেন। ফিফা সেই অনুরোধ গ্রহণ করায় এখন সরাসরি মেক্সিকোতে গিয়ে প্রস্তুতি নিতে পারবে দলটি। একই সঙ্গে ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করে সহজে যাতায়াতের সুযোগও মিলবে।

২০২৬ বিশ্বকাপে ইরানের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন নিউজিল্যান্ড ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দুটি হবে লস অ্যাঞ্জেলেসে। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা। আগে দলটির বেজক্যাম্প নির্ধারণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে। তবে নতুন সিদ্ধান্তে লস অ্যাঞ্জেলেসের ম্যাচগুলোর জন্য যাতায়াত সময়ও কমে এসেছে বলে জানান তাজ।

বর্তমানে ইরান দল তুরস্কের আন্টালিয়ায় প্রস্তুতি ক্যাম্প করছে। এরই মধ্যে কয়েকজন ফুটবলার বিশ্বকাপ ভিসার আবেদন জমা দিতে আঙ্কারায় মার্কিন দূতাবাসেও গিয়েছেন।