গ্রুপপর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটপর্ব। প্রথম দিনই মাঠে নামছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপপর্বে দুদলই একটি করে ম্যাচ হেরেছে। পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে ‘এ’-গ্রুপ রানার্সআপ হয়ে উঠে এসেছে সুপার এইটে। নিউজিল্যান্ড হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ‘ডি’-গ্রুপ থেকে রানার্সআপ হয়ে পেয়েছে সুপার এইটের টিকেট।
বিশ^কাপে এখনও নিজেদের সেরাটা দিতে পারেনি পাকিস্তান। বিশেষ করে ভারতের বিপক্ষে তাদের দুর্বলতা স্পষ্ট চোখে পড়েছে। অপরদিকে কিউইরাও গ্রুপপর্বে শ্রেষ্ঠত্ব অর্জনে ব্যর্থ হয়েছে। প্রোটিয়াদের কাছে হেরে সুপার এইটে এলেও তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেই চ্যালেঞ্জের প্রথম ধাপে পাকিস্তানকে পেয়েছে মিচেল স্যান্টনারের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেও মুখোমুখি হয়েছে দুদল। তবে টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রায় সমশক্তির দল। পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট চোখে পড়ে। দুদল এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলেছে। তাতে পাকিস্তানের ২৪ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ২৩ ম্যাচে। দুদলের খেলা বাকি ২ ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বিশ্বকাপের এবারের আসরে পাকিস্তানের ব্যাটাররা তুলনামূলক ভালো পারফরম্যান্স উপহার দিলেও বোলারদের নিয়ে শঙ্কা রয়ে গেছে। ভারতের বিপক্ষে বোলারদের অসহায় আত্মসমর্পণে দেশটির সাবেক তারকারা বেশ মর্মাহত হয়েছেন।
অনেকে শাদাব খান, শাহিন শাহ আফ্রিদির মতো সিনিয়র বোলারদের সমালোচনার তীরে বিদ্ধ করেছেন। সমালোচকদের তালিকায় রয়েছেন শাহিন শাহ আফ্রিদির শ্বশুর সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদিও।
ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফরাও দলটির সমালোচনা করেছেন। তবে শেষ ম্যাচে নাবিমিয়ার বিপক্ষে পারফরম্যান্স দলটিকে কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে। সেই স্বস্তি নিয়েই আজ মাঠে নামবে পাকিস্তান।
গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও নিউজিল্যান্ড তাদের ছন্দ ধরে রেখে টুর্নামেন্টে একটু একটু করে শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাট-বল দুই বিভাগেই দারুণ ছন্দে রয়েছে কিউইরা। বিশেষ করে বোলিংয়ে জ্যাকব ডাফি, ম্যাট হেনরি ভালো পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন।
অধিনায়ক স্যান্টনার, ইশ সোধিও প্রয়োজনে দলকে উইকেট উপহার দিচ্ছেন। ব্যাটিংয়ে গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেলের পারফরম্যান্স বেশ নজরকাড়া। রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেনরা ধারাবাহিকতার প্রমাণ দিতে না পারলেও সুপার এইটে নিজেদের মেলে ধরবেন বলে বিশ্বাস কিউই সাধারণ সমর্থক থেকে বোদ্ধাদের।
দুদলের সবশেষ ৫ ম্যাচের লড়াইয়ে কিউইরা পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকলেও বড় মঞ্চে সবসময়ই প্রতিপক্ষের জন্য কঠিন এক দল পাকিস্তান। এই ম্যাচেও যে সহজে পার পাবে না কিউইরা এটা মুখে না বললেও অনুমেয়।
সময়ের আলো