Image description

দক্ষিণী মেগাস্টার রামচরণ ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তারকা ক্রিকেটার জাসপ্রিত বুমরাহর কাছে। সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে রামচরণের আসন্ন সিনেমা ‘পেদ্দি’র একটি গানের লঞ্চ অনুষ্ঠান হয়। সেখানে অভিনেতা ভুলবশত বুমরাহকে একজন ফুটবলার বলে সম্বোধন করেন।

রামচরণের সেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। একজন দেশসেরা জনপ্রিয় খেলোয়াড়কে নিয়ে কীভাবে এমন ভুল হয়—সেই প্রশ্ন তুলেছেন অনেকে। তবে ভুলটি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই রামচরণ টুইটের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তিনি এই ভুলকে ‘স্বাভাবিক মানবিক ভুল’ বলে অভিহিত করেছেন।

‘পেদ্দি’ অভিনেতা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে লেখেন, ‘উফ... আমি মাঝে মধ্যে নাম মনে রাখতে সত্যিই খুব ভুলোমনা। জাসপ্রিত জির কাছে এই বিভ্রান্তির জন্য ক্ষমা চাইছি—এত উত্তেজনা আর ভিড়ের মধ্যে এটা একটা স্বাভাবিক মানবিক ভুল ছিল।’

রামচরণ আরও লেখেন, ‘আমি আপনাকে সত্যিই শ্রদ্ধা করি এবং আপনার বড় ভক্ত। আপনি যখন ধারাবাহিকভাবে ব্যাটসম্যানদের ব্যাকফুটে ঠেলে দেন, তখন প্রত্যেক ভারতীয় গর্বিত বোধ করে।’

বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ আশির দশকের অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাপটে নির্মিত একটি স্পোর্টস অ্যাকশন ড্রামা। সিনেমাটির গল্প একজন গ্রামবাসীকে কেন্দ্র করে, যিনি খেলাধুলার মাধ্যমে তার সম্প্রদায়কে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে একত্রিত করেন। এতে রামচরণ ছাড়াও এতে জাহ্নবী কাপুর ও শিবরাজকুমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

আরআরআর তারকা দর্শকদের প্রতি ভালোবাসা প্রকাশ করার সময় ভোপালকে ‘বিহার’ বলেও বিতর্ক সৃষ্টি করেন। জাহ্নবী কাপুর, এ আর রহমান, রবি কিষাণ, দিব্যেন্দুসহ কলাকুশলীদের পুরো দলের উপস্থিতিতে ‘পেদ্দি’ ছবির ‘হেল্লালালো’ শিরোনামের নতুন গানটি প্রকাশের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

স্পোর্টস ড্রামাটি আগামী ৪ জুন তেলেগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়ালমসহ বিভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।