Image description

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে তিন সন্তানের জননী শাহানারা বেগম (৩০)-এর মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরে সন্তানদের মুখে খাবার জোগাতে দিনমজুরের কাজ করা এই নারীর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোক ও অসহায়ত্ব।

 

বুধবার (২৭ মে) সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহানারা বেগম ওই গ্রামের জাকের মোল্লার মেয়ে এবং তিনি বিধবা ছিলেন।

স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, সকালে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় শাহানারা বাড়ির পাশের মাছের ঘের এলাকায় তার মাকে খুঁজতে যাচ্ছিলেন। পথেই হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে স্বামীর মৃত্যুতে শাহানারা মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। সন্তানদের বাঁচাতে তিনি বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করতেন। কখনও অন্যের বাড়িতে, কখনও মাছের ঘেরে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, শাহানারা ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। স্বামীর সঙ্গে আগে তিনি জেলার বাইরে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর একাই সন্তানদের বড় করার সংগ্রামে নেমেছিলেন তিনি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। তিন শিশু সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। উপকূলীয় এই অঞ্চলের মানুষের জীবনে ঘন ঘন দুর্যোগ যে বেঁচে থাকার সংগ্রামকে আরও কঠিন করে তুলছে, এই ঘটনাও তারই আরেকটি বেদনাদায়ক উদাহরণ বলে মন্তব্য করেন তারা।