Image description

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনে ট্রেনের ছাদে ভ্রমণের সময় ওভারব্রিজে ধাক্কা লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী অসাবধানতাবশত স্টেশনের ওভারব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ছাদ থেকে নিচে ছিটকে পড়েন।

ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক যাত্রীর মৃত্যু হয়। অপর যাত্রীকে স্থানীয়রা নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাধনগর স্টেশন মাস্টার আব্দুল আউয়াল জানান, ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি শান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

শীর্ষনিউজ