পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে প্রকল্পটির আবাসিক এলাকা গ্রিনসিটির ২১ নম্বর ভবনের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া লাতিপভ ভিল (৪৪) রোসাটম কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, রাতে নিহত ব্যক্তির ছোট ভাই আজাত খামিদুল্লিন ফ্ল্যাটে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে দেখেন, লাতিপভ ভিল নিজ শয়নকক্ষের বিছানায় চিত হয়ে পড়ে রয়েছেন। ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে তিনি হাসপাতালে খবর দেন।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মৃত ঘোষণা করেন তাকে। চিকিৎসকের ভাষ্য, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে মৃত্যু হতে পারে তার।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।