সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা ও উপজেলায় আগাম ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা।
দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় অন্যতম প্রধান ঈদ জামাত। এতে ইমামতি করেন হলি কুরআন স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক।
নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
বগুড়া থেকে আগত মহিউদ্দিন ইসলাম বলেন, সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে।
ভোলা থেকে আসা নুরনবী বলেন,অনেক দিন ধরেই আমরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছি। এবারও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদের নামাজ আদায় করেছি।
মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ ও ত্যাগের শিক্ষা বহন করে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ধর্মীয় বিধান অনুসরণ করে ঈদুল আজহার নামাজ আদায় করছি। দেশ ও জাতির কল্যাণ কামনায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
দিনাজপুর শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগসহ জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামে এসব জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। সব মিলিয়ে জেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।