ভারতে দীর্ঘদিন ধরে গরু জবাই নিয়ে আপত্তি, সংঘাত চলে আসছে। দেশটিতে গরু জবাইয়ের বিষয়ে বিধি না থাকলেও কট্টরপন্থিদের কারণে চাপের মুখে থাকেন সংখ্যালঘুরা। এবারও তার ব্যতিক্রম লক্ষ্য করা যায়নি। প্রধান রাজনৈতিক দল বিজেপি ও রাজ্য সরকারের আপত্তির প্রেক্ষাপটে আসামের সংখ্যালঘু মুসলমানরা পবিত্র ইদুল আজহায় গরু কোরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (২৪ মে) এনডিটিভি জানিয়েছে, ঈদুল আজহার কয়েক দিন আগে আসামের বেশ কয়েকটি ঈদ উদযাপন কমিটি গরু কোরবানি করা থেকে মুসলমানদের বিরত থাকার আহ্বান জানিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি আবেদনের পর শনিবার এই নির্দেশনা জারি করেছে মুসলিম কমিউনিটি। রাজ্যটিতে মোট জনসংখ্যার ৩৫ শতাংশ মুসলিম।
ধুবড়ি টাউন ঈদগাহ কমিটি জারি করা বিবৃতিতে মুসলমানদের শান্তিপূর্ণ, আইনসম্মতভাবে ও সামাজিক দায়িত্ববোধের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করার আহ্বান জানায়। ধুবড়ি আসামের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা।
বিবৃতিতে ধর্মপ্রাণ মুসলিমদের কাছে ঈদুল আজহায় পশু কোরবানির বিষয়ে আসাম সরকারের নির্ধারিত আইনি বিধান কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়, আসাম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী গরু জবাই নিষিদ্ধ এবং সতর্ক করা হয়েছে যে, এই আইন লঙ্ঘনের জন্য কারাদণ্ড ও আর্থিক জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
কমিটি জনগণকে স্বাস্থ্যবিধি ও জনশৃঙ্খলা বজায় রেখে শুধুমাত্র নির্ধারিত এলাকায় কোরবানি সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছে। এ ছাড়াও, নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে গরু কোরবানির ছবি বা ভিডিও প্রচার না করার জন্য অনুরোধ করেছে।
ধুবড়ি টাউন ঈদগাহ কমিটির সভাপতি এক সংবাদ বিবৃতিতে বলেছেন, আমরা ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত নিয়েছি এবং মুসলিম ভাইদেরও ঈদে গরু কোরবানি না করার জন্য আবেদন করেছি। কোনো পশু কোরবানি করা আমাদের ধর্মের উদ্দেশ্য নয়, ঈদে আমাদের অন্তরের ঈর্ষা ত্যাগ করা উচিত। আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য অন্য ধর্মকে যেন আঘাত করা না হয়।
এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্সে দেওয়া পোস্টে বলেন, বিভিন্ন কমিটির আহ্বানের পরিপ্রেক্ষিতে ধুবড়ি টাউন ঈদগাহ কমিটিও হিন্দুদের অনুভূতির প্রতি সম্মান জানাতে এবং দেশের আইন মেনে চলার জন্য জনগণকে গো-হত্যা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
তিনি আরও বলেন, আমি সকল ঈদ কমিটিকে এগিয়ে এসে এই ঈদকে গরু জবাইমুক্ত করার আহ্বান জানাচ্ছি।
একইভাবে, হোজাই টাউন ঈদগাহ কবরস্থান কমিটিও ঈদুল আজহা উদযাপনের সময় বিশেষ করে পশু কোরবানির বিষয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সংবেদনশীলতা বজায় রাখার জন্য মুসলিম বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে নোটিশ জারি করেছে।