ঝিনাইদহে এনসিপি ও ছাত্রদলের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে একটি জানাজা নামাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ইমামতি করছেন এনসিপির এই নেতা।
জানা গেছে, ২০২৪ সালের ১৭ জুলাই সারাদেশে নিহতদের মাগফেরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পুলিশের বাধা অতিক্রম করে গায়েবানা জানাজা আদায় করেন আন্দোলনকারীরা। আর সেই জানাজা নামাজে ইমামতি করেন তারেক রেজা।
তারেক রেজার ইমামতি করা সেই ছবিটি ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে শেয়ার করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। তিনি বলেন, ‘জুলাইয়ের আইকনিক এই জানাজার ইমাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা দেশ দেখেছে ঝিনাইদহে কী হয়েছে। উপরন্তু রাজনৈতিকভাবে নিপীড়িতের উপর এখন চলছে আইনী ও প্রশাসনিক নিপীড়ন। সেই অসুস্থ পুলিশি নৈরাষ্ট্রের পুনরাগমন! আহ!’
এ ছাড়াও সেই জানাজা নামাজের ছবি শেয়ার করেছেন জাতীয় সংসদের এমপি ডা. মাহমুদা মিতু, হাসনাত আব্দুল্লাহ।
মাহমুদা মিতু নিজ ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, ‘বাংলাদেশে সম্ভবত সবচেয়ে বেশি শহীদের জানাজা পড়াইছেন তারেক রেজা। গত কালের ঝিনাইদহে নাসিরের উপর হামলাকে কেন্দ্র করে তারেকের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। যেই হাতে এইরকম একটা মানুষের বিরুদ্ধে হত্যাচেষ্টার তথাকথিত মিথ্যা মামলা দেয়া হইসে, সেই হাত ধ্বংস হোক। যেই হাতে এই মিথ্যা মামলায় তাকে ১ নং আসামি করা হইসে, সেই হাত ধ্বংস হোক। যারা এই মিথ্যার খেলার ষড়যন্ত্রে জড়িত, তারা ধ্বংস হোক। তারেক রেজা, প্রাউড অফ ইউ। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। পরীক্ষায় সফল হোন, এই কামনা রইল, ফি আমানিল্লাহ।
জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত। এক বার্তায় তিনি বলেন, ছাত্রদলের মিথ্যা মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে কিছুক্ষণ আগে ঝিনাইদহ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। একই মামলায় ডিবি পুলিশ যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশের আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার আগমুহূর্তে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলমান আছে।