সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেতা আবু হানিফ। তিনি উপজেলার বাঙালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (২৩ মে) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়ার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে জামায়াত।
এ সময় সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সভায় বাঙালা ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবু হানিফের নাম ঘোষণা করা হয়। তবে সভার শুরুতে আবু হানিফ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
আবু হানিফ দীর্ঘদিন বাঙালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, আবু হানিফ ২০২১ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর নির্দলীয় ছিলেন। এক বছর আগে থেকে তিনি জামায়াতের সঙ্গে রয়েছেন। ত্রয়োদশ নির্বাচনেও জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। দলীয় নেতাদের মতামতের ভিত্তিতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আবু হানিফ জানান, আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেছে। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। তখন থেকেই আমি আওয়ামী লীগের সঙ্গে নেই। আমি জামায়াতে যোগ দিয়েছি। দল তাই আমাকেই মনোনয়ন দিয়েছে।
এদিকে আওয়ামী লীগ নেতাকে জামায়াতের মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিরা পক্ষে-বিপক্ষে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
আবু হানিফ ছাড়াও সাদ্দাম হোসেন নামে এক বহিষ্কৃত যুবদল নেতাকে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে জামায়াত।
অপরদিকে দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলকে হাটিকুমরুল ও অধ্যক্ষ মঞ্জিল ইসলামকে উধুনিয়া ইউনিয়নের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।