Image description

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা । এসময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি চালকসহ তিনজনকে আহত করে। বাড়ির প্রধান গেট ও দেয়াল ভেঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।

 
 

এঘটনায় আহতরা হলেন- গাড়ি চালক শরিফ, কুদরত ও জনি। শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও র‌্যাব-১১ এর একটি টিম অভিযান চালিয়ে সন্ত্রাসী সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার ঘর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

 

পরে স্থানীয় লোকজন ও ফতুল্লা থানার টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

 

এ ঘটনায় ওই ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি চালক আহত শরিফ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাসদাইর গুদারাঘাট এলাকার স্বপন মিয়ার ছেলে সাব্বির ওরেফ চশমা সাব্বির, ইউসুফ আলীর ছেলে হৃদয় ওরেফ চক্ষু হৃদয়, আলী মিয়ার ছেলে জাহিন, নাসির কসাইয়ের ছেলে সেলিম কসাইকে আসামি করা হয়েছে।