নারায়ণগঞ্জের ফতুল্লায় এক দিনে তিন শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পৃথক তিন ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে ফতুল্লা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে আনোয়ার (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুর বাবা-মা দুজনই গার্মেন্টসকর্মী হওয়ায় তারা কর্মস্থলে গেলে মোবাইলে চার্জ দেওয়ার নামে শিশুর রুমে ঢুকে ধর্ষণ করে আনোয়ার। রাত ৮টায় ভিকটিমের মা বাসায় ফিরলে শিশুটি তাকে বিষয়টি জানায়। আজ দুপুর ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় আনোয়ারকে আটক করে পুলিশ।
এছাড়া আজ সকালে একই এলাকায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা করে নাজির হোসেন (৩৬) নামের এক ব্যক্তি। পরিবার জানায়, অভিযুক্ত শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায়। তবে শিশুটি তাকে কামড় দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। পরে নাজির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
অপদরিকে রোববার দুপুরে ৬ বছরের শিশুকে জহির শেখ (৭৮) নামের এক বৃদ্ধ ধর্ষণচেষ্টা করে। ভুক্তভোগী শিশু দোকানে গেলে তাকে ফুসলিয়ে নিয়ে যায় এবং ধর্ষণচেষ্টা করে অভিযুক্ত। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, বিচারহীনতা ও নৈতিক অবক্ষয়ের কারণে ধর্ষণের ঘটনাগুলি বেড়ে গিয়েছে। বিশেষভাবে দেশব্যাপী এ বিষয়ে আলোড়ন সৃষ্টি হওয়াতে ছোট ছোট বিষয়গুলো গণমাধ্যমে চলে আসছে বলে আমাদের কাছে সংখ্যা বেশি মনে হচ্ছে, কিন্তু এটিই বাস্তব চিত্র।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুবুর আলম বলেন, প্রথম ঘটনায় নির্যাতিত শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাকি দুটি ঘটনায়ই ভুক্তভোগীর অভিভাবকরা থানায় রয়েছেন এবং আইনি প্রক্রিয়া চলমান।