ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৯ বছরের এক শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি এলাকায় ঘটে এ ঘটনা।
শিশুটির পরিবারের অভিযোগ, গত শনিবার বিকাল ৩টার দিকে শিশুটিকে ফুসলিয়ে নৌকায় নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত সহিদ মিয়া। পরে শিশুটিকে বাড়ির সামনে রেখে যান তিনি।
বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা।
অভিযুক্ত সহিদ মিয়া পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। এ ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত তথ্য জানা যাবে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূইয়া বলেছেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।