Image description

৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিলের ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (২৪ মে) এক বিবৃতিতে দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ শঙ্কা প্রকাশ করেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ‘বন্ধ কারখানা চালু, উৎপাদনশীলতা বৃদ্ধি ও চলতি মূলধন ঋণ সুবিধা দিতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছেন। গভর্নর মন্তব্য করেন, বেসরকারি খাতে এই তহবিল ছাড়া কোনো উপায় ছিল না এবং ২৫ লাখ কর্মসংস্থানের আশা ব্যক্ত করেছেন।

গাজী আতাউর বলেন, আমরা মনে করি, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, বাংলাদেশ ব্যাংককে সক্রিয় হতে হবে। কিন্তু এই ধরণের প্রণোদনা তহবিল নিয়ে আমাদের অতিত অভিজ্ঞতা মধুর না। ফলে তহবিলের যথাযথ ব্যবহার নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।

 

তিনি বলেন, গভর্নর কজন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গি থেকে বেসরকারি খাতে এমন তহবিলের অপরিহার্যতার যুক্তি দিয়েছেন। বিএনপি অন্তত ৪৫ জন ঋণখেলাপিকে মনোনয়ন দিয়েছিল এবং তাদের মধ্যে ১১ জন এমপি হয়েছেন। ফলে ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে তার বক্তব্যে আস্থা রাখা দুস্কর। ব্যাংকিংখাতে সংস্কার কার্যক্রম বন্ধ, টাকা পাচারকারীদের বিরুদ্ধে এবং পাচারকৃত টাকা উদ্ধারেও তেমন কোন উদ্যোগ দেখা যাচ্ছে না।

 
 

ইসলামী আন্দোলনের মুখপাত্র আরও বলেন, আমরা মনে করি, অর্থনীতির স্বার্থে প্রয়োজনীয় সকল কিছু করতে হবে। তবে তা হতে হবে যথাযথ এবং সামগ্রিক অর্থনীতির স্বার্থে, কোন গোষ্টিস্বার্থে নয়। সেজন্য এই ধরনের তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি নজরদারি ব্যবস্থা রাখতে হবে।