মেহেরপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মাত্র ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হলো বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর।
রবিবার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে শাকিল হোসেন।
মামলার এজাহারে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে অভিযুক্ত শাকিল হোসেন একই গ্রামের ওই স্কুলছাত্রীকে কৌশলে একটি পাটক্ষেতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গাংনী থানায় বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলায় সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে মারুফ আহমেদ বিজন আইনজীবীর দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, ‘মাত্র ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হলো। আমরা রায়ে সন্তুষ্ট।’