Image description

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষ যমুনা সেতু হয়ে ঘরে ফিরছে। এতে সেতু দিয়ে বেড়েছে যানবাহন চলাচল, বেড়েছে টোল আদায়। ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় প্রায় তিন কোটি।

 

শনিবার (২৩ মে) যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।

 

পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে দুই কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

 

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম যমুনা সেতু। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য এসব জেলার অধিকাংশ যানবাহন এই সেতু ব্যবহার করে। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে এখন পর্যন্ত যাতায়াত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।