হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৩৬ শিশুর মৃত্যু হলো। হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন আছে মোট ৭২ শিশু।
রোববার (২৪ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২০ মে বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ার উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামের চার বছরের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া, সেরিব্রাল পালসি (সিপি), মৃগী রোগ এবং সামগ্রিক বিকাশজনিত সমস্যায় (জিডিডি) ভুগছিল। শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাসপতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ২৪ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫৭৯ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৪৬ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৪৭১ শিশু।