ফেনীর ফুলগাজী উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াছিন নামে ৫২ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াছিন ফুলগাজী উপজেলার ৫নং আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী (৩৬) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার উত্তর বালাপালঙ্গ (পালপাড়া) গ্রামের বাসিন্দা। ১৪-১৫ দিন আগে ফোনে ইয়াছিনের সঙ্গে তার পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীকে ইয়াছিন বিয়ের প্রস্তাব দেন। শুক্রবার ঢাকা থেকে বাসযোগে ফেনীর মহিপালে আসেন ওই নারী।
সেখান থেকে ইয়াছিনের কথামতো একটি সিএনজিচালিত অটোরিকশায় ফুলগাজীর কিশমতাদী বাজারে পৌঁছেন তিনি। পরে ইয়াছিন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। বাড়িতে যাওয়ার পর ওই নারী জানতে পারেন ইয়াছিনের স্ত্রী ও সন্তান রয়েছে। প্রতারণা বুঝতে পেরে ভুক্তভোগী নিজের বাড়ি ফিরে যাওয়ার আকুতি জানান। তাকে গাড়ি ঠিক করে দেওয়ার অনুরোধ করেন।
এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, রাত ১২টার দিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ইয়াছিন তাকে নিয়ে রওনা হন। রাত ২টার দিকে আমজাদহাটের সরকার ব্রিকফিল্ডের পাশে নিয়ে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর দুটি ফোন কেড়ে নিয়ে ইয়াছিন তাকে বিলের মধ্যে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় এক অটোরিকশা চালকের সহায়তায় ভুক্তভোগী ফুলগাজী থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দায়ের করেন।
এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।