ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহকে তার স্ত্রী ও সন্তানসহ হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় গাজায় ইসরাইলি বাহিনীর হামলা তারা নিহত হয়েছেন। সূত্রের বরাতে এই খবর জানিয়েছে টাইম অব ইসরাইল।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় গাজা শহরের রিমাল মহল্লায় ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মোহাম্মদ ওদেহ নিহত হয়েছে কিনা- তা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল ও হামাস।
তবে বুধবার সকালে হামাস-সমর্থিত গাজার গণমাধ্যমগুলো জানিয়েছে যে, মোহাম্মদ ওদেহকে তার স্ত্রী ও সন্তানসহ হত্যা করা হয়েছে।
প্রাথমিক মূল্যায়নের বরাত দিয়ে হিব্রু গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলাটি সফল হয়েছে। একটি ইসরায়েলি সূত্র দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কানকে জানিয়েছে, ওদেহ নিহত হয়েছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর তেল আবিবে হামলার সময় হামাসের গোয়েন্দা প্রধান ছিলেন ওদেহ। এরপর গত সপ্তাহে তাকে গোষ্ঠীটির সামরিক শাখার প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।