যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিতর্কিত ছবি পোস্ট করেছেন। তার মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ছবিতে একটি মার্কিন ড্রোনকে ইরানের নৌবাহিনীর একটি জাহাজে হামলা চালাতে দেখা যায়।
ছবিটির ক্যাপশনে ট্রাম্প স্প্যানিশ শব্দ ‘অডিওস’ অর্থাৎ ‘বিদায়’ লিখেছেন, যা নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ পোস্টটি এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা বা চুক্তির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পোস্ট মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিতে পারে।
তবে পোস্টটি নিয়ে ট্রাম্পের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একইভাবে ছবিটি পুরোপুরি এআই নির্ভর কি না, সে বিষয়েও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা