Image description

ভারতের বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশে অরাজকতা সৃষ্টি করে নরেন্দ্র মোদির সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি।

রোববার বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র দাবি করেছেন, রাহুল বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন। তার পরিকল্পনাও ফাঁস হয়ে গেছে।

এর আগে, মঙ্গলবার কংগ্রেসের বিরোধীদলসমূহের এক বৈঠকে রাহুল বলেছেন, আমরা জানতে পেরেছি মোদি সরকারের এক বছরের মধ্যে পতন হবে।

এর জবাবে পাত্র এক ভিডিও বার্তায় বলেছেন, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আবারও ঔদ্ধত্য দেখিয়েছেন। গতকাল এক বৈঠকে তিনি বলেছেন যে মোদি সরকার এক বছরের মধ্যে পতন হবে। তিনি দাঙ্গা উস্কে দিয়ে এবং অরাজকতার মাধ্যমে (মোদী) সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন।

বিজেপি নেতা আরও অভিযোগ করেন, রাহুলের মন্তব্য থেকে এটা একেবারে স্পষ্ট যে তিনি জর্জ সোরোস এবং তার বিদেশ ভ্রমণের অর্থায়নকারী বিদেশি সংস্থাগুলোর মতো প্রভুদের নির্দেশে একটি বিদেশি এজেন্ডা অনুসরণ করছেন, যার উদ্দেশ্য ভারতে গণতন্ত্রের অবসান ঘটানো।

বিজেপি নেতার দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাতের কারণে যখন নানা দেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, তখনও প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত এগিয়ে যাচ্ছে।

সূত্র : দ্য ইকোনমিক টাইম