ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তরুণদের ক্ষোভ, বেকারত্ব, মতপ্রকাশের সংকট ও রাজনৈতিক হতাশা থেকে জন্ম নেওয়া এই অনলাইন আন্দোলন দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পর এর বিভিন্ন অ্যাকাউন্ট, ওয়েবসাইট, কনটেন্ট ও কার্যক্রম সীমিত বা বন্ধ করার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। বিষয়টি এখন শুধুমাত্র একটি ‘মজার ইন্টারনেট ট্রেন্ড’ নয়, বরং ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও তরুণ প্রজন্মের অসন্তোষের প্রতীক হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যেভাবে শুরু হয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’
ঘটনার সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যকে ঘিরে। তিনি এক শুনানিতে কিছু বেকার তরুণ ও অ্যাক্টিভিস্টদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেন। মন্তব্যটি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেক তরুণ এটিকে পুরো প্রজন্মকে অপমান করার শামিল বলে মনে করেন।
এরপর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ভারতীয় তরুণ অভিজিৎ দিপক সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে লেখেন, সব তেলাপোকা যদি এক হয়ে যায়? সেখান থেকেই শুরু হয় ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘তেলাপোকা জনতা পার্টি’। খুব অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) ও অন্যান্য প্ল্যাটফর্মে লাখো তরুণ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে শুরু করেন। এই আন্দোলনের নামে একটি ওয়েবসাইটও তৈরি করা হয়।
কেন এত দ্রুত জনপ্রিয় হলো ‘ককরোচ জনতা পার্টি’
বিশ্লেষকদের মতে, এই জনপ্রিয়তার পেছনে রয়েছে ভারতের তরুণদের দীর্ঘদিনের জমে থাকা হতাশা।
ভারতে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বের হলেও কর্মসংস্থান সেই হারে তৈরি হচ্ছে না। উচ্চশিক্ষিত তরুণদের বড় অংশ চাকরিহীন। একইসঙ্গে বাড়ছে জীবনযাত্রার ব্যয়, রাজনৈতিক মেরুকরণ ও মতপ্রকাশের ওপর চাপের অভিযোগ।
এই বাস্তবতায় ‘ককরোচ জনতা পার্টি’ তরুণদের কাছে এক ধরনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে- যেখানে ব্যঙ্গের মাধ্যমে তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করছে।
দলের ঘোষিত পরিচয়ও ছিল পুরোপুরি বিদ্রুপাত্মক। নিজেদের তারা বলছে, অলস, বেকার, অনলাইনে পড়ে থাকা তরুণদের দল। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দেখা যায় রাজনৈতিক ব্যঙ্গ, বেকারত্ব নিয়ে হতাশা, করপোরেট প্রভাব, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে কটাক্ষ।
‘ককরোচ জনতা পার্টি’ নিয়ে মোদি সরকার যে কারণে অস্বস্তিতে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকার সরাসরি এই প্ল্যাটফর্ম নিয়ে মন্তব্য না করলেও, এই আন্দোলনের কিছু অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে, পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে, ওয়েবসাইট ডাউন করে দেওয়া হয়েছে এবং কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ নতুন প্রশ্ন তুলেছে।
প্রথমত, প্রচলিত রাজনৈতিক দল বা আন্দোলনের বাইরে গিয়ে নতুন প্রজন্ম এখন মিম, ব্যঙ্গ ও ডিজিটাল কনটেন্টকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করছে। এটি নিয়ন্ত্রণ করা মোদি সরকারের জন্য কঠিন।
‘ককরোচ জনতা পার্টি’ কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়। তাই প্রচলিত রাজনৈতিক কৌশলে এটিকে মোকাবিলা করাও সহজ নয়।
দ্বিতীয়ত, এই প্ল্যাটফর্মের পোস্টগুলো দ্রুত ভাইরাল হতে শুরু করে। কয়েক দিনের মধ্যেই লাখো অনুসারী তৈরি হওয়া ভারতের রাজনৈতিক মহলে বিস্ময় তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, এটি দেখিয়েছে যে তরুণদের মধ্যে বিকল্প রাজনৈতিক অভিব্যক্তির চাহিদা বাড়ছে।
তৃতীয়ত, ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যঙ্গ বরাবরই শক্তিশালী অস্ত্র। কিন্তু ডিজিটাল যুগে এটি আরও প্রভাবশালী হয়ে উঠেছে। কারণ একটি ভাইরাল পোস্ট বা মিম কখনও কখনও দীর্ঘ রাজনৈতিক বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলে।
বিশ্লেষকরা বলছেন, মোদি সরকার হয়তো আশঙ্কা করছে- এ ধরনের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক অসন্তোষের কেন্দ্র হয়ে উঠতে পারে। সে কারণেই মোদি সরকার এই আন্দোলন নিয়ে অস্বস্তিতে রয়েছে এবং এটি দমনের চেষ্টা করছে।
মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক
এই ঘটনাটি ভারতে মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে।
সমালোচকদের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে সরকারবিরোধী কণ্ঠ, শিক্ষার্থী আন্দোলন, স্বাধীন সাংবাদিকতা ও অনলাইন অ্যাক্টিভিজমের ওপর চাপ বেড়েছে। বিরোধীরা অভিযোগ করছে, ‘ককরোচ জনতা পার্টি’র ওপর নিয়ন্ত্রণের চেষ্টা সেই ধারাবাহিকতার অংশ।
অন্যদিকে সরকারপন্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে ‘ভুয়া তথ্য’ ও ‘রাজনৈতিক উসকানি’ ঠেকাতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কেবল মজা, নাকি বড় রাজনৈতিক সংকেত?
বিশ্লেষকদের মতে, এটি হয়তো আপাতদৃষ্টিতে একটি ব্যঙ্গাত্মক অনলাইন ট্রেন্ড। কিন্তু এর ভেতরে ভারতের নতুন প্রজন্মের গভীর হতাশা, ক্ষোভ ও রাজনৈতিক বিচ্ছিন্নতার প্রতিফলন রয়েছে।
অনেকের মতে, যদি তরুণদের অর্থনৈতিক ও সামাজিক সংকটের সমাধান না হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের ডিজিটাল আন্দোলন আরও বড় রাজনৈতিক শক্তিতে রূপ নিতে পারে।