ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছয় দফা দাবি উত্থাপন করা হয়।
কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি দেখা যায়।
ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—সারা দেশে ছাত্রলীগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ বন্ধ, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার বিচার, টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দোষীদের শাস্তি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কর্মসূচির নেতৃত্ব দেন সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তারা দাবি করেন, ৫ আগস্টের পর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হচ্ছেন এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা হচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, সংগঠন নিষিদ্ধ হলেও তাদের রাজনৈতিক কার্যক্রম থেমে নেই এবং বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন, তবে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনিক সিদ্ধান্তে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বিভিন্ন সময়ে সংগঠনটির ব্যানারে বিচ্ছিন্ন কর্মসূচি পালনের ঘটনা সামনে আসছে।
শীর্ষনিউজ