‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিট) কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
শহীদ বেদিতে পুষ্পস্তবক অপর্ণ শেষে রাষ্ট্রপতি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাজানো হয় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য, সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেৃতত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া বিচারপতি, নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুরো শহীদ মিনার এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুরো এলাকাকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রণীত রুটম্যাপ কার্যকর করা হয়েছে।