সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ করে সাতজন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেল তিনটার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়।
তারা হলেন- সুনামগঞ্জের সদর থানার নইগাঙ থানার মো. সাদির মিয়ার ছেলে মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকেরবাজার গ্রামে মৃত শওকত আলীর ছেলে মানিক আহমেদ, চানপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. আল আমিন, শাল্লা থানার শ্রীহাই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদশাহ মিয়া ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার পুহস্টার ডেখারের ছেলে রেস্টলি ব্লাহ।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।
এ বিষয়ে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাবইন্সপেক্টর (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি-বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে সাত বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে নিজ নিজ স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।