Image description

ফিফার কাছ থেকে বাংলাদেশে সরাসরি সম্প্রচারের জন্য ‘বিশ্বকাপ ফুটবল ২০২৬’-এর সর্বমাধ্যম সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে সরকার। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ দেশজুড়ে সম্প্রচার করতে পারবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি। এর ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী বিনামূল্যে বিশ্বকাপের সব ম‍্যাচই দেখার সুযোগ পাবেন।

 

ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে বিটিভির মাত্র ৪৭ কোটি টাকা লেগেছে। তবে এই টাকাও বিটিভিকে পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

 

তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে বিজ্ঞাপন বিক্রি করে পুরো টাকাই উঠিয়ে ফেলেছে সরকার।

 

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্প্রচার উপলক্ষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

 

বিটিভি ছাড়াও এবার বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে সময় টেলিভিশন এবং টি-স্পোর্টস।

 

এদিকে ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কুচক্রী মহলের সব প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ টেলিভিশন সরকারি ফুটবল বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেতে সক্ষম হয়েছে।

 

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘জনগণের জন্য আনন্দের বিষয় হলো, এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। এই অর্থ আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভারটাইজমেন্ট এবং রাইট বিক্রি করে উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি ফিফা বিশ্বকাপ দেখাবে।’