Image description

সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলে বরাদ্দ চূড়ান্ত করেছে সরকার। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন কত টাকা বাড়ছে সেটিও চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। তবে পে-স্কেল বাস্তবায়ন হলে চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে। ফলে সবমিলিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশ বেতন বৃদ্ধি পাবে।

সূত্রের তথ্য বলছে, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা সুপারিশ করা মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। বাকি ৫০ শতাংশ পাবেন পরের অর্থবছরে। তার পরের অর্থবছরে পাবেন তারা ভাতা, অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে বেতন-ভাতা সবই পাবেন সরকারি কর্মচারীরা। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের নিয়ে কথা বলবেন। কেন আংশিক সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে, সে ব্যাখ্যাও দিতে পারেন অর্থমন্ত্রী।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘মে মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে অর্থমন্ত্রী যখন বাজেটের নানা দিক নিয়ে আলোচনা করেন, তখন সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় ছিল। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটি যে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে, প্রধানমন্ত্রী তাতেই সম্মতি দিয়েছেন। ফলে ওই সুপারিশ অনুযায়ীই নবম পে-স্কেল কার্যকর হবে।’