ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদে জানিয়েছেন, ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকাপ পয়েন্ট স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুল ফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
মো. মাহবুবুর রহমান বেলাল জানতে চান, ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা আছে কী?
জবাবে ফকির মাহবুব আনাম বলেন, ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের সুবিধার্থে সরকারি ডাক সেবার মানোন্নয়ন, সেবার গতি বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণের আওতায় সরকারি নাগরিক সেবা যেমন ভূমির ডকুমেন্টস হোম ডেলিভারি, পাসপোর্ট বাল্ক ডেলিভারি এবং ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারি কার্যক্রম চলমান রয়েছে। গ্রাহক চাহিদা অনুযায়ী ই-কমার্স পণ্যের ক্যাশ অন ডেলিভারি কাজ প্রক্রিয়াধীন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কার্যক্রমের আওতায় ভিডিও মামলা ও ট্রাফিক নোটিশ সংশ্লিষ্ট প্রাপকের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হচ্ছে।
মন্ত্রী জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুল ফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া ডিএমএস (ডমিস্টিক মেইল মনিটরিং সিস্টেম) সফটওয়্যারের মাধ্যমে পণ্যের অনলাইন ভিত্তিক রিয়েল টাইম ট্র্যাকিং/ট্রেসিং সুবিধা সম্প্রসারণ, সারা দেশে সবচেয়ে কম মূল্যে চিঠি, পার্সেল বিলি এবং ইএমএস (এক্সপ্রেস মেইল সার্ভিস) সেবার মাধ্যমে বিদেশে সাশ্রয়ী মাশুলে পার্সেল প্রেরণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, পোস্ট অফিসের মাধ্যমে ইস্যুকৃত দেশের বিভিন্ন ফল উৎপাদনকারী অঞ্চল থেকে সবচেয়ে কম মাশুলে নিরাপদে ও দ্রুততম সময়ে মৌসুমি ফল পরিবহন করা হচ্ছে। এছাড়াও, উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকাপ পয়েন্ট স্থাপনের বিষয়ে পরিকল্পনা রয়েছে, যা ডাক বিভাগের মাধ্যমে পরিচালিত হবে। চলমান পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে ডাক বিভাগের সেবা জনগণের জন্য আরও বেশি কার্যকরী ও ফলপ্রসূ হবে।
ফ্র্যাঞ্চাইজি হলো এমন একটি ব্যবসায়িক ব্যবস্থা, যেখানে একটি প্রতিষ্ঠানের (ফ্র্যাঞ্চাইজার) নাম, ব্র্যান্ড ও ব্যবসায়িক মডেল ব্যবহার করে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান (ফ্র্যাঞ্চাইজি) ব্যবসা পরিচালনা করে।