বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে, বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য তাদের যে টিকিট বরাদ্দ ছিল, তা যুক্তরাষ্ট্র বাতিল করেছে।
ইরানের ফুটবল সংস্থার দাবি, টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানি সমর্থকদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ সীমিত করার চেষ্টা করছে। তাদের মতে, দুই দেশের চলমান তীব্র কূটনৈতিক বিরোধ এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।
ফেডারেশন আরো জানায়, বিশ্বকাপকে কেন্দ্র করে ইরানের ওপর একাধিক প্রশাসনিক বাধা তৈরি করা হয়েছে।
ইরানের ফুটবল ফেডারেশন জানায়, ফিফার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের জন্য মোট টিকিটের আট শতাংশ বরাদ্দ থাকে। এই টিকিটগুলো সংশ্লিষ্ট দেশের ফুটবল সংস্থার মাধ্যমে সংগ্রহ করে পরে সরকারি প্রক্রিয়ায় সমর্থকদের মধ্যে বিতরণ করা হয়।
তাদের বিবৃতিতে বলা হয়, বরাদ্দ পাওয়ার পর ইরান ইতিমধ্যে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। এই তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনেক সমর্থক ইতিমধ্যেই ভ্রমণ ও অন্যান্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন।
কিন্তু হঠাৎ করেই সেই বরাদ্দ বাতিল করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, অপ্রত্যাশিতভাবে ইরানের ফুটবল ফেডারেশনকে দেওয়া টিকিটের বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ইরানি সমর্থকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ আয়োজন ঘিরে রাজনৈতিক প্রভাব ও কূটনৈতিক টানাপোড়েন আরো একবার সামনে চলে এসেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।