Image description

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাহিয়ান রবিন (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক করা হয়েছে রাজিব (৪২) নামে একজনকে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মাজারবাড়ি রোডে এ ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ওসি আ.স.ম আতিকুর রহমান এসব নিশ্চিত করেছেন। নিহত রবিনের বাড়ি পৌর শহরের মহিলা কলেজ রোডের শিলাসী এলাকায়। পড়তেন আব্দুর রহমান ডিগ্রি কলেজে। তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন বলে জানিয়েছেন ওসি। 

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, গত ৯ জুন ছিল রবিনের জন্মদিন। এ উপলক্ষে তার বন্ধুরা শহরের পশু হাসপাতাল রোডের বউ বাজার এলাকায় জন্মদিনের আয়োজন করেন। সেখানে জন্মদিন উদযাপন শেষে বন্ধু মাসুমের মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন রবিন। 

পথে মাজারবাড়ি রোড ও কলাবাগান রোডের মোড়ে মোটরসাইকেলটি পৌঁছালে মুখ ঢাকা পাঁচ থেকে ছয়জন তাদের পথ আটকায়। রবিন ও মাসুমের চোখে ছিটানো হয় মরিচের গুড়ো। পরে তাদের মারধর করা হয়। মাসুম দৌড়ে বেঁচে গেলেও রবিনকে এলোপাতারি কোপায় দলটি। চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

রবিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। মাসুম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। তিনি জানান, চোখে মরিচের গুড়ো ছিটানোয় হামলাকারীদের চিনতে পারেননি।

রবিনের বাবা মোফাজ্জল হোসেনের (৪৬) অভিযোগ, শহরের কলেজ রোডের ব্যবসায়ি মোতালেবের ছেলে রাজীবের সঙ্গে তার ছেলের বিরোধ ছিল। এর জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি মোফাজ্জলের। কী নিয়ে বিরোধ- তা জানা নেই বলেও দাবি তার।

তার অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে অভিযানে যায় থানা পুলিশ। শহরের কলেজ রোডের মোতালেব প্লাজা থেকে এর মালিক মোতালেব মিয়ার ছেলে রাজিবকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি আতিকুরের দাবি, রাজিব যুবলীগের কর্মী। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তিনটি রিভলবার ও তাজা গুলি জব্দ করা হয়।

ওসি আরও জানালেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।