Image description
রামিসা হত্যার চার্জশিট

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার নামে আট বছর বয়সী স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের মামলায় সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। চার্জশিট সূত্রে জানা যায়, স্বপ্না খাতুন আসামি সোহেলে দ্বিতীয় স্ত্রী। প্রথম সংসারে সোহেলের একটি মেয়ে রয়েছে। পরকীয়ার প্রেম থেকে স্বপ্নার সাথে বিয়ে হয় সোহেলের।

রোববার (২৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. ওহিদুজ্জামান। এরপর মামলাটি ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য বদলী করা হয়েছে।

এদিকে মামলার চার্জশিটে উল্লেখ করা হয়, দুই মাস ২০ দিন আগে অটোরিক্সা মেকানিক সোহেল পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের ২ নম্বর লেনের ঘটনাস্থলে বাসা ভাড়া নেয়। সোহেলদের ফ্ল্যাটটি ছিল ৩ রুমের। এক রুমে সোহেল ও তার স্ত্রী স্বপ্না থাকতো। তাদের রুমের সঙ্গে একটি অ্যাটাস্ট বাথরুম ছিল। আর পাশের দুই রুমে থাকতো মাসুদ পারভেজ এবং জেসমিন আক্তার নামে এক দম্পত্তি। আলাদা রুম হলেও সোহেল ও মাসুদদের কিচেন রুম একই ছিল।

চার্জশিটে আরও বলা হয় , মাসুদ পারভেজ এবং জেসমিন আক্তার প্রতিদিন সকাল ৬ টার মধ্যে বাসা থেকে বেরিয়ে যান। ঘটনার দিন (১৯ মে) তারা বাসা থেকে বেরিয়ে যান। সকাল সাড়ে ৯টার দিকে রামিসা ঘর থেকে বের হলে সোহেল রামিসাকে তার রুমের সামনে আসতে বলে। রুমের সামনে গেলে তাকে রুমের ভেতরে নিয়ে যায়। পরে বাথরুমে নিয়ে রামিসাকে ধর্ষণ করে সোহেল।

এসময় রামিসা চিৎকার করলে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। মরদেহ গুম করার উদ্দেশ্যে রুম থেকে ছুরি এনে তার মাথা কেটে গলা থেকে আলাদা করে। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখে। ছুরি দিয়ে যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে। রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে বিচ্ছিন্ন মাথা রাখে।

অভিযোগপত্রে বলা হয়, এদিকে রামিসাকে খুঁজে পাচ্ছিলো না পরিবার। সোহেলদের বাসার সামনে রামিসার একটি স্যান্ডেল দেখতে পায় তার মা। দরজায় জোরে ডাক চিৎকার করতে থাকেন। অন্যান্য ফ্ল্যাটের লোকজন জড়ো করে দরজা ভাঙার চেষ্টা করেন। এসময় সোহেল বাথরুম থেকে রামিসার দেহ রুমে নিয়ে যায়। স্বপ্না লাশ দেখে। দরজা ভাঙার শব্দ শুনে সে ছিটকিনি লাগিয়ে দেয়। পরে লোকজন রুমে ঢুকে রামিসার লাশ দেখতে পায়। সোহেলের বিষয়ে জানতে চাইলে স্বপ্না জানায়, গ্রিল কেটে পালিয়ে গেছে সে।

ওইদিনই বাসা থেকে স্বপ্নাকে ও পরদিন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

গত ২০ মে এ মামলায় আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন মূল আসামি সোহেল রানা। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ওইদিন সোহেলের স্ত্রী স্বপ্নাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।