পিরিয়ড নিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা। বিশ্ব মেন্সট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে প্রতিষ্ঠানটি চালু করেছে ‘প্যাড আছে, লাগবে?’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি।
প্রতি বছর ২৮ মে বিশ্বব্যাপী পালিত হয় মেন্সট্রুয়াল হাইজিন ডে। এই দিবসকে সামনে রেখে নেওয়া উদ্যোগটির লক্ষ্য হলো পিরিয়ড নিয়ে স্বাভাবিক আলোচনা তৈরি করা এবং সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের কাছে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাসনিম মোস্তফা বলেন, ‘‘বাংলাদেশে এখনো অনেক নারী পিরিয়ড নিয়ে খোলামেলা কথা বলতে পারে না। অনেকেই প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনের অভাবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকে। আমরা চাই, পিরিয়ডকে ঘিরে যে অস্বস্তি ও সংকোচ আছে, সেটি দূর হোক। একটি নারী যেন নিজের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার জন্য কখনো লজ্জাবোধ না করে। ‘প্যাড আছে, লাগবে?’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মানুষের মাঝে সহমর্মিতা ও সচেতনতা দুটোই ছড়িয়ে দিতে চাই।”
ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্ধারিত ভেন্ডিং মেশিন থেকে প্রতিটি স্যানিটারি ন্যাপকিন কেনা এবং ফ্রেশ অনন্যার অফিসিয়াল ফেসবুক পেজের ক্যাম্পেইন কনটেন্ট শেয়ারের বিপরীতে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করবে।
রবিবার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। এছাড়া আগামী ১ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যারাভ্যান কার্যক্রম পরিচালনা করা হবে।
ক্যারাভ্যানটি উত্তরা, মিরপুর, গুলশান, বনানী, মোহাম্মদপুর, খিলক্ষেত, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বারিধারা, মহাখালী, তেজগাঁও, আগারগাঁও ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় ঘুরে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। এ সময় মানুষকে পিরিয়ড ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার পাশাপাশি নানা ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি