Image description

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ২৪ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানান।

 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী একটি শাটল ট্রেনে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করাসহ অসংখ্য মানুষকে আহত করার ঘটনা একটি বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পাকিস্তানের নাগরিকদের ওপর সন্ত্রাসীরা বিভিন্ন সময় হামলা চালিয়ে প্রাণহানি ঘটাচ্ছে। এসব কর্মকাণ্ড দেশটির স্বাভাবিক অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ।

 

বিবৃতিতে তিনি আরো বলেন, দেশটির সরকার ও জনগণের এই মর্মান্তিক মুহূর্তে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।

পাকিস্তানের অগ্রযাত্রা ধরে রাখতে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, দেশটির সরকার জনগণ ও শান্তিকামী সব পক্ষকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।