Image description

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপহারের গরু ‘কালো মানিক’ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

 

রোববার (২৪ মে) বিকেল পৌনে ৬টার দিকে গরুটি ক্রয় করেন যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও সিলেটের বাসিন্দা ফাহিম আল চৌধুরী।

 

কালো মানিককে কেনার পর ফাহিম আল চৌধুরী বলেন, এটা (গরু) হচ্ছে আবেগের জায়গা, গরুটি হচ্ছে আবেগ। কারণ, গত ঈদে ম্যাডামকে (খালেদা জিয়া) গিফট করা হয়েছিল। ম্যাডামও গ্রহণ করেছিলেন। পরে আবার তিনি তাকে দিয়ে দিয়েছিল। ম্যাডাম তাকে বলেছিলেন- বাবা তুমি এটা নিয়ে নাও, ভবিষ্যতে তোমার পরিবারের জন্য বিক্রি কর।

 

তিনি বলেন, আজকে ওনি (সোহাগ) মার্কেটে নিয়ে এসেছেন। গরুটি ম্যাডামের আবেগের জায়গা। সেই জায়গা থেকে আমি ২০ লাখ টাকায় গরুটি নিয়েছি।

 

গরুর ক্রেতা ফাহিম বলেন, আমি গরুটা কিনে লাভবান। কারণ যেই গরুর স্মৃতি আমার ম্যাডামের সাথে জড়িত, সেই গরুটা আমি নিচ্ছি, সেটাই তো আমার সবচেয়ে বড় লাভ। আমি ম্যাডামের স্মৃতিকে আমার মনের মধ্যে সব সময় লালন করছি, এটাই আমার বড় লাভ।

 

তিনি বলেন, গরুটি কিনতে পেরে আমার মনটা অনেক বড় হয়ে গেছে। সত্যি আমার মনের মধ্যে একটা শান্তি লাগতেছে। আমি এমন একটা গরু কিনেছি, যেটার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের আবেগ জড়িত।

 

কম্পিটিশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওনি (সোহাগ) বলেছেন- কেউ নাকি ১৮ লাখ টাকা দাম করেছেন। আমি এসে ওনাকে দেখতে পাইনি।

 

গরুটি কুরবানির বিষয়ে জানতে চাইলে ফাহিম বলেন, কুরবানি মৃত ব্যক্তির নামে দেওয়া যায়। গরুটি ম্যাডামের নামে কুরবানি হবে। আমার বাবা-মা নাই, তাদের নামও থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও নাই, উনারও নাম থাকবে। আরাফাত রহমান কোকো সাহেবও নাই, তার নামও থাকবে।

 

অপরদিকে কালো মানিককে বিক্রেতা ও পটুয়াখালীর খামারি সোহাগ মৃধা বলেন, আমি আমার গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ঈদের পর ১০ দিনের ভেতরেই দোয়ার আয়োজন করব। আমি গরুটি বিক্রি করতে পেরে অনেক খুশি। আমার খুবই ভালো লাগছে।

 

সোহাগ মৃধা বলেন, আমার মেয়ের হার্টে ছিদ্র রয়েছে। আমি মেয়ের চিকিৎসার জন্যই গরুটি বিক্রি করেছি। কিন্তু ফাহিম ভাই বলেছেন- মেয়ের চিকিৎসার জন্য যত টাকা লাগবে তিনিই দেবেন।

 

উল্লেখ্য, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মৃধা গত বছরের ৫ জুন ‘কালো মানিক’কে ঢাকায় নিয়ে এসে খালেদা জিয়ারকে উপহার দিয়েছিলেন। পরে খালেদা জিয়া গরুটি গ্রহণ করলেও সেটি পরিবারের আর্থিক সচ্ছলতায় কাজে লাগানোর পরামর্শ দেন।

 

এদিকে খামারি সোহাগের মেয়েটি অসুস্থ বিধায়, তাকে চিকিৎসার জন্য কালো মানিককে নিয়ে এসেছিলেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ির কুরবানির পশুর হাটে। প্রথম দিনই ২২ লাখ দাম চাওয়া হলেও ২০ লাখে বিক্রি হয় ‘কালো মানিক’।