ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দ্বিতীয় দফাতে জমা না দেওয়ায় ২১ প্রার্থীকে ১৪ জুন পর্যন্ত ফের সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২৪ মে) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
প্রার্থীদের পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্ধারিত সময়ে নির্বাচনি ব্যয়ের রিটার্ন দাখিল করেনি, তাদের রিটার্ন দাখিলের জন্য গত ৬ মে পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। তা সত্ত্বেও যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী উক্ত সময়ের মধ্যেও ব্যয়ের রিটার্ন দাখিল করেনি, তাদেরকে রিটার্ন দাখিলের আগামী ১৪ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এতে আরো বলা হয়েছে, যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী গত ৬ মে তারিখের মধ্যে ব্যয়ের রিটার্ন দাখিল করেনি, বিষয়টি তাদের অবগত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ ছাড়া আগামী ১৫ জুনের মধ্যে এসংক্রান্ত প্রতিবেদন তৈরি করার জন্য বলা হয়েছে এতে।