Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ক্যাম্পাসে পোস্টারিং কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এতে নবীনদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানানো হয়।

 

আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, লেডিস ঝুপড়ি, কলার ঝুপড়ি, মেরিন সাইন্স, প্রক্টর অফিসসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন চবি শাখা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম (শাওন)। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

ওই পোস্টারের ওপরের দিকে নবীনদের উদ্দেশ করে লেখা দেখা যায়।

তাতে লেখা– ‘পাহাড়ের বুকে সবুজের গানে, নতুন স্বপ্ন জাগে চবির প্রাণে।’ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনদের জানাই উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। পোস্টারের নিচে শাটল ট্রেনের শিডিউল দেওয়া হয় এবং শেষে লেখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম (শাওন)। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের ছবি দেখা যায় পোস্টারে।

 

কর্মসূচির বিষয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শফিকুল ইসলাম বলেন, ‘পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত সব নবীন শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানতে আজকের এ কর্মসূচি। মেধা ও স্বপ্নের ডানায় ভর করে চবির ঐতিহাসিক প্রাঙ্গণে তাদের পদার্পণ আমাদের গর্বিত করে।’

তিনি আরো বলেন, ‘মুক্তচিন্তা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে তারা গড়বে আগামীর বাংলাদেশ। শাটল ট্রেনের গতি আর চবির সবুজ পাহাড়ের মতোই প্রাণবন্ত হোক তাদের ক্যাম্পাস জীবন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে একরাশ শুভ কামনা জানায়।